অবৈধ অনুপ্রবেশের সময় বেনাপোলে ৪১ বাংলাদেশি নারী-পুরুষ আটক

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২১:২৬

বেনাপোল (যশোর) সংবাদদাতা                

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় গতকাল শুক্রবার সকালে বেনাপোলের পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে শিশুসহ ৪১ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যরা। তবে এ সময় কোনো দালালকে আটক করতে পারেনি বিজিবি।

আটকদের মধ্যে  রয়েছে ৮জন শিশুসহ ১০ জন নারী ও ২৩ জন পুরুষ। আটককৃতরা জানান,   তাদের বাড়ি নড়াইল, বাগেরহাট ও  বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, পুটখালী ও দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধপথে বিপুলসংখ্যক শিশুসহ নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে এমন ধরনের  গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা  এ সীমান্ত দুটিতে অভিযান চালিয়ে  তাদের আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তাদের সঙ্গে থাকা দালালরা। বিজিবির হাতে আটক নারী-পুরুষরা জানান, ভারতের মুম্বাই, কলকাতা ও নদীয়া শহরে বিভিন্ন বাসা-বাড়ি ও গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করত তারা।

অপর একটি অভিযানে বিজিবি সদস্যরা বেনাপোল সাদীপুর সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ লাখ হুন্ডির টাকা জব্দ করেছে।

 জব্দকৃত হুন্ডির টাকা পোর্ট থানায় জমা দিয়ে আটককৃত শিশুসহ নারী-পুরুষদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।