প্রতিটি সিনেমাতেই তারকারা চরিত্রের সঙ্গে মিশে যেতে চান। আবার অনেকেই চান নিজেকে ভিন্নরূপে উপস্থাপন করে ভক্তদের চমকে দিতে। ভক্তরাও অপেক্ষায় থাকেন তারকাদের নতুন রূপ দেখার। শুধু নতুন গল্প বা চরিত্র নয়, নিজের চেহারার পরিবর্তনও বাড়তি আগ্রহ তৈরি করে সিনেমাটিকে ঘিরে। এবার তেমনই একটি খবরে শিরোনামে এলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। বর্তমানে তার নতুন সিনেমা ‘টাইগার থ্রি’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার রয়েছেন তিনি। সালমান খানের সঙ্গে আবারো স্ক্রিন শেয়ার নিয়ে এরইমধ্যে দর্শকদের মাঝে সিনেমাটি ঘিরে উচ্ছ্বাস তৈরি হয়েছে। সেই পাল্লায় জোর হাওয়া লাগালেন ক্যাট। সিনেমাটিতে নতুন লুকে হাজির হচ্ছেন তিনি। আর সেই লুকের কিছু ছবি সামনে আসতেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। সম্প্রতি শুটিংস্পট থেকে ক্যাটরিনা বেশ কয়েকটি ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘নতুন দিন, নতুন চুলের স্টাইল, নতুন সিনেমা।’ তার পোস্টের নিচে কমেন্ট করে শুভেচ্ছা জানান মনিষ মালহোত্রা ও ইসবেলা কাইফসহ অনেকে।
ক্যাটরিনা বলেন, ‘প্রতিটি সিনেমাতে আমি চরিত্রের সঙ্গে মিশে যেতে চাই। চরিত্রের প্রয়োজনে যেকোনো রূপে নিজেকে উপস্থাপন করতে আমার কোনো আপত্তি নেই। এই সিনেমাটিতে চেষ্টা করছি ভক্তদের মনের মতো করে কাজ করার। আশা করছি, শুধু আমার নতুন লুক নয়, সালমানের সঙ্গে আমার আগের সিনেমাগুলোর মতো এটিও দর্শকদের কাছে সমাদৃত হবে।’ জানা গেছে, ‘টাইগার থ্রি’র সিনেমাটির তৃতীয় লটের শুটিং চলছে মুম্বাইয়ে। এরপর ইস্তাম্বুলে যাবে সিনেমাটির টিম। এছাড়াও ক্যাটরিনাকে ‘ফোন ভুত’ নামের একটি সিনেমাতে দেখা যাবে।
