আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, ৯ সেনা নিহত

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২০:৩৯

আফগানিস্তানের মধ্যাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর ৯ জন সদস্য নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে রাজধানী কাবুলে বৃহস্পতিবর বোমার বিস্ফোরণে সরকারি কর্মচারীদের বহনকারী বাসের চার আরোহী নিহত ও আরো ৯ জন আহত হয়েছেন।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ময়দান ওয়ারদাক প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে এবং এতে যানটির ক্রু সদস্য ও আরোহী স্পেশাল ফোর্সের সদস্যদের মৃত্যু হয়েছে। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তারা তা তদন্ত করে দেখছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। বিমান বাহিনীর একটি সূত্র ও ময়দান ওয়ারদাক প্রদেশের একজন কর্মকর্তা জানিয়েছেন, উড্ডয়নকালে একটি রকেটের আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কারা রকেটটি ছুড়েছিল তা পরিষ্কার হয়নি এবং কোনো গোষ্ঠী এর দায়ও স্বীকার করেনি। বিমান বাহিনীর সূত্র বলেছে, হেলিকপ্টারটি সরবরাহ মিশনে ছিল এবং ঘটনার সময় এটি সামরিক বাহিনীর নিহত একজন সেনার মৃতদেহ ও আহত সদস্যদের বহন করে নিয়ে যাচ্ছিল। এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে সরকারি কর্মচারীদের বহনকারী বাসের চার আরোহী নিহত ও আরো ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে হামলার এ ঘটনা ঘটেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র হতাহতের সংখ্যা নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানাননি। আরেক কর্মকর্তা জানান, বাসটি সরকারি কর্মচারীদের বহন করছিল।

আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে ও সহিংসতা হ্রাস করার উদ্দেশ্যে বৃহস্পতিবার মস্কোতে বসছেন আফগানিস্তানের সরকারি ও তালেবান প্রতিনিধিরা এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা। ঠিক এ দিনটিতেই আফগানিস্তানের রাজধানীতে প্রাণঘাতী এ হামলা হলো। আফগানিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় তাদের কর্মচারীদের আনা-নেওয়ার জন্য বাসটি ভাড়া করেছিল বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির উপদেষ্টা আব্দুল সামাদ হামিদ। তবে ঐ মুহূর্তে কারা নিহত হয়েছেন তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছেন তিনি।