প্রেসিডেন্ট থাকা অবস্থায় সম্পত্তি কমেছে ট্রাম্পের

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২০:৪০

প্রেসিডেন্ট থাকাকালীন ডোনাল্ড ট্রাম্পের সম্পত্তির পরিমাণ কমে গিয়েছিল ৭০ কোটি থেকে ২৩০ কোটি ডলার পর্যন্ত। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট হওয়ার আগে ও পরে ট্রাম্পের সম্পত্তি কতটা ছিল তা হিসাব করতে ব্লুমবার্গ ২০১৬ সালের মে মাস থেকে ২০২১-এর জানুয়ারি পর্যন্ত ট্রাম্পের আর্থিক নথি বিশ্লেষণ করেছে। তথ্য-উপাত্তে দেখা গেছে, করোনা ভাইরাস মহামারির ধাক্কা ট্রাম্পের ব্যবসাতেও ভালোভাবেই পড়েছিল। ট্রাম্পের অফিস ভবন, ব্র্যান্ডের হোটেল ও রিসোর্ট সব কিছুতেই এর প্রভাব পড়ে। তার প্লেনের বহর ও গলফ কোর্সগুলোর মূল্যও এ সময় কমে যায়। আর্থিক বৈষয়িক ও পারিবারিক ব্যবসাসংক্রান্ত ফৌজদারি মামলায় বর্তমানে ট্রাম্প তদন্তের আওতায় রয়েছেন।

ট্রাম্পের মোট সম্পত্তির চার ভাগের তিনভাগই তার রিয়েল স্টেট ব্যবসার বাণিজ্যিক অ্যাকাউন্টগুলো। যেসব অফিস ভবনের তিনি মালিক অথবা মালিকানার অংশীদার করোনার সময় সেগুলোও ব্যাপক দরপতনের শিকার হয়। করোনার অনেক লোক এখন বাসায় বসে কাজ করার ফলে এই দরপতন ঘটে। ব্লুমবার্গ জানায়, ট্রাম্পের বাণিজ্যিক সম্পত্তির মূল্য প্রেসিডেন্ট থাকার সময় ২৬ শতাংশ কমে গিয়েছিল।