চাটমোহরে বাড়ির পাশের বাগান থেকে যমুনা রানি সরকার (৫৫) নামে এক বিধবা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যমুনা রানি সরকার পৌর শহরের দোলং মহল্লার মৃত গোসাই সরকারের স্ত্রী। এ ঘটনায় নিহতের জমজ দুই ছেলে স্বপন সরকার ও রতন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, যমুনা রানি সরকার অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। রাতে কাজ শেষে ঘরে ফিরেছিলেন। তারপর তার বিষয়ে কেউ কিছু জানে না। সকালে পরিবারের লোকজন বাড়ির পাশে বাগানে গাছের নিচে হেলান দেওয়া মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। নিহতের প্রতিবেশীরা জানান, যমুনা রানির নামে স্থানীয় ডাকঘরে বেশকিছু টাকা গচ্ছিত রয়েছে। তাছাড়া তার ছেলে স্বপন মাঝেমধ্যে মাকে মারধর করত।
থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাশীর জানান, নিহত নারীর দুই ছেলে রতন সরকার ও স্বপন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
