নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন ও দলের অভিজ্ঞতম ব্যাটসম্যান রস টেইলর না থাকলেও আজ বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে দলের বিকল্পদের ওপর আস্থা রাখছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। উল্লিখিত দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের জায়গায় আজ নামতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা ডেভন কনওয়ে ও উইল ইয়ং।
দীর্ঘ বিরতি শেষে আবারও একদিনের ক্রিকেটে ফিরছে কিউইরা। ২০১৯ বিশ্বকাপের ফাইনাল খেলার পর গত দুই বছরে মাত্র চারটি ওয়ানডে খেলেছে তারা। আট মাস পর ওয়ানডে খেলতে নামা কিউইরা আজ একাদশে পাচ্ছে না উইলিয়ামসন ও টেইলরকে। তিন ও চারে তাদের অবস্থান পাকা করে ফেলা এই দুই ব্যাটসম্যানের জায়গায় আজ নামতে পারেন টি-টোয়েন্টি খেলে নজর কাড়া ডেভন কনওয়ে ও ঘরোয়া ক্রিকেটে ভালো ছন্দে থাকা উইল ইয়ং। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টেয়েন্টিতে অভিষেক হওয়া কনওয়ে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজের একটি টি-টোয়েন্টিতে অপরাজিত ৯৯ করে কুড়িয়েছিলেন সব মহলের প্রশংসা। আর ২৮ বছর বয়সি ইয়ং ২০১৯ সালে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে হওয়া দুইটি প্রস্তুতি ম্যাচে শতক হাঁকিয়েছিলেন। কিন্তু এরপর কাঁধের ইনজুরিতে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ায় আর রঙিন পোশাকে ব্ল্যাকক্যাপসদের হয়ে মাঠে নামা হয়নি তার। আজ সাদা বলের সেই কাঙ্ক্ষিত অভিষেকের স্বাদ পেতে পারেন তিনি। মিডল অর্ডারে শক্তিমত্তা বৃদ্ধির জন্য অভিষেক দেওয়া হতে পারে অলরাউন্ডার ড্যারেল মিচেলকেও। অভিজ্ঞদের অনুপস্থিতিতে বিকল্পরা এভাবে জায়গা করে নিচ্ছে, এর পিছনে নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রোগ্রাম এবং ঘরোয়া ক্রিকেটের কৃতিত্ব দেখছেন ব্ল্যাকক্যাপসদের কোচ গ্যারি স্টিড। দলের বিকল্পদের তালিকাও বেশ শক্তিশালী মানছেন তিনি। ২০১৩ বিশ্বকাপকে সামনে রেখে প্রায় ৩০ জনের মতো ক্রিকেটার মূল একাদশে জায়গা পাওয়ার জন্য লড়াই করছে বলে জানিয়েছেন তিনি।
