স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা-সাঘাটা-ফুলছড়ি সড়কের ১০ কিলোমিটার জুড়ে ‘বিশ্বের দীর্ঘতম আলপনা উত্সব’ হয়েছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিক্যাল কলেজে অধ্যয়নরত গাইবান্ধার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা’ (পুসাগ) এই আলপনা উত্সবের আয়োজন করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এই উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
গতকাল বেলা সাড়ে ১২টায় গাইবান্ধা জেলা শহরে পুলিশ লাইনের সামনে থেকে পুসাগের ১ হাজার ১০০ জন শিল্পী এই আলপনা আঁকা শুরু করেন, যা টানা ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে। সে অনুযায়ী আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় সাঘাটা উপজেলার ভাঙ্গামোড় পর্যন্ত ১০ কিলোমিটার জুড়ে সড়কের আলপনা আঁকার কাজ সম্পন্ন হবার কথা। পুসাগের সভাপতি হুসেইন মোহাম্মদ জীম জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষকে সারা বিশ্বে স্মরণীয় করে রাখতেই দীর্ঘ ১০ কিলোমিটার সড়ক জুড়ে এই বর্ণিল নান্দনিক আলপনা আঁকার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সংগঠনের সাধারণ সম্পাদক এ কে প্রামাণিক পার্থ নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যেই আলপনা আঁকা শেষ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তারা গাইবান্ধা জেলার নামটি সংযুক্ত করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
পুসাগের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব আল হক জানান, এ বিষয়টি নিয়ে ইতিমধ্যে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি জানান, এ পর্যন্ত বিশ্বে সর্বোচ্চ ৩ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ সড়ক জুড়ে আলপনা আঁকা হয়েছে, যেটি রয়েছে ভারতের নদীয়ায়।
