অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাধার কোনো প্রমাণ নেই বলে উল্লেখ করেছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দুই রোগ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ এবং ইএমএ। সমপ্রতি ইউরোপের কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে রক্ত জমাট বাধার অভিযোগ ওঠার পর আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। এরই মধ্যে ফ্রান্স, স্পেন, জার্মানিসহ বিশ্বের কয়েকটি দেশ টিকাদান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। এদিকে লাইসেন্স নিয়ে অ্যাস্ট্রাজেনেকার টিকার একটি বড় অংশ তৈরির দায়িত্বে নিয়োজিত রয়েছে ভারতের ওষুধ প্রস্তুতকারী কোম্পানি সেরাম ইন্সটিটিউট।
এমএইচআরএ এবং ইএমএ বলেছে, মানুষ অ্যাস্ট্রাজেনেকার টিকার উপর ভরসা রাখতে পারে। বিভ্রান্ত না হয়ে কোভিড-১৯ ভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখুন। তারা পরামর্শ দিয়েছে, টিকা নেয়ার পর যদি চারদিন পর্যন্ত কারো মাথাব্যথা থাকে তবে চিকিত্সকের স্মরণাপন্ন হতে হবে। কারো শরীরে যদি র্যাশ দেখা দেয় তবুও চিকিত্সকের কাছে যেতে হবে। অপরদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও বলেছেন, মানুষকে আশ্বস্ত করতে তিনিও অ্যাস্ট্রাজেনেকার টিকা নিবেন।
