বিনোদন রিপোর্ট
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন হয়ে গেল গত শুক্রবার। গতকাল নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এবারো সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব হয়েছেন বদিউল আলম খোকন। সহ-সভাপতি হয়েছেন মনতাজুর রহমান আকবর এবং উপসচিব পদে নির্বাচিত হয়েছেন পরিচালক শাহিন সুমন।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পরিচালক আবুল খায়ের বুলবুল, আব্দুস সামাদ খোকন, আহম্মেদ ইলিয়াস ভূঁইয়া, এমএ আউয়াল, কমল সরকার, ছটকু আহমেদ, নূর মোহাম্মদ মনি, মোস্তাফিজুর রহমান বাবু, সাঈদুর রহমান সাঈদ ও সোহানুর রহমান সোহান।
নির্বাচন নিয়ে বদিউল আলম খোকন বলেন, ‘নির্বাচনে বিজয়ের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবার একসাথে কাজ করতে হবে। নির্বাচিত হওয়ার কারণে হয়তো আমি অফিশিয়াল দায়িত্বে থাকবো, তবে সব পরিচালকে একসাথে কাজ করতে হবে।’
এবারের নির্বাচনে মোট ভোট ছিল ৩৬২টি। এরমধ্যে নির্বাচনে ৩১৯টি ভোট পড়েছে। বাতিল হয়েছে ১৯টি ভোট। ২০১৭-১৮ নির্বাচনেও গুলজার-খোকন প্যানেল নির্বাচিত হয়েছিল। ১৮৩টি ভোট পেয়ে নির্বাচিত হন মুশফিকুর রহমান গুলজার এবং বদিউল আলম খোকন পেয়েছেন ১৫৭টি ভোট। সভাপতি পদে বাদল খন্দকার পেয়েছেন ১০৯টি ভোট। মহাসচিব পদে বজলুর রাশেদ চৌধুরী পেয়েছেন ৬৮টি ভোট। এছাড়া মহাসচিব পদে পরিচালক সাফি উদ্দিন সাফি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন ৬৭ ভোট।
