রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগরের ভাটকৈ বাজারে বৃহস্পতিবার বিকালে একটি ‘স’ মিলে করাতে ধার দেওয়ার সময় সান ভেঙে পেটে ঢুকে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম শিপন শেখ (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন মিলমালিক শফিকুল ইসলাম। শিপন শেখ উপজেলার মালশন বলিদাগাছী গ্রামের সুলতান শেখের ছেলে। স্থানীয়রা জানান, ঐদিন শিপন কিছু কাঠ কাটার জন্য ভাটকৈ বাজারে শফিকুলের ‘স’ মিলে আসে। এ সময় মিলের মিস্ত্রি মেশিন চালু করে সান দিয়ে করাতে ধার দিচ্ছিলেন। হঠাত্ ধার দেওয়ার সান ভেঙে ছিটকে এসে শিপনের পেটে ঢুকে যায় এবং মিল-মালিকের হাতের কবজিতে লাগে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথে শিপন মারা যায়। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
