শ্রীলঙ্কা সফর
স্পোর্টস রিপোর্টার
করোনা মহামারির কারণে গত বছর দুই দফা স্থগিত হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফর। ২০২০ সালের জুন-জুলাইয়ে সফর স্থগিত করা হয়েছিল প্রথমবার। পরে অক্টোবর-নভেম্বরে কোয়ারেন্টাইনের মেয়াদ জটিলতায় আবারও স্থগিত হয় সিরিজটি। অবশেষে আলোর মুখ দেখছে এ সিরিজ। গতকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের সময়সূচি ঘোষণা করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) চূড়ান্ত সূচি ঘোষণা করেছে। ঘোষিত সূচি অনুযায়ী আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই টেস্ট খেলতে আগামী ১২ এপ্রিল কলম্বো পৌঁছাবে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। কোয়ারেন্টাইনের মেয়াদ নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।
তবে কোয়ারেন্টাইনের মেয়াদ তিন দিনের বেশি হওয়ার সম্ভাবনা নেই। কারণ ১৭-১৮ এপ্রিল টাইগারদের প্রস্তুতি ম্যাচ রয়েছে। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ দলকে।
চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কা সফর করা ইংল্যান্ড দলও তিন দিনের কোয়ারেন্টাইনে ছিল। ইংলিশদের মতোই দুই বার করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পর অনুশীলনের সুযোগ পাবে টাইগাররা। পরে কলম্বোর কাতুনায়েকের সিএমসিজি মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল এবং ম্যাচটা হবে নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলবেন মুমিনুলরা। স্বাগতিক কোনো ক্রিকেটার থাকবে না।
ক্যান্ডিতেই দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ২১-২৫ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ এপ্রিল।
তিন বছর পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। শেষবার ২০১৭ সালে লঙ্কায় দুই টেস্টের সিরিজ খেলেছিল টাইগাররা। সিরিজটা ১-১ এ ড্র হয়েছিল। গলে হারলেও কলম্বোর পি সারা ওভালে জিতেছিল বাংলাদেশ। সেটি ছিল বাংলাদেশের শততম টেস্ট। ৪ উইকেটের জয়ে মাইলফলক রাঙিয়েছিল মুশফিক বাহিনী।
মুমিনুলের নেতৃত্বে এটি হবে বাংলাদেশের তৃতীয় বিদেশ সফর। এর আগে নেতৃত্বের শুরুতে ভারত, পাকিস্তান সফরে টানা তিন ইনিংস হারে ডুবেছিল বাংলাদেশ।
শ্রীলঙ্কায় ভালো করার চাপ থাকবে মুমিনুলদের ওপর। কারণ ফেব্রুয়ারিতে দেশের মাটিতে উইন্ডিজদের কাছে দুই টেস্ট হেরেছিল বাংলাদেশ। ক্যারিবিয়ানদের কাছে ধবলধোলাই হয়ে অনেক সমালোচিত হয়েছেন ক্রিকেটাররা। টেস্ট ক্রিকেটে ঘুরে দাঁড়াতে বাংলাদেশের জন্য লঙ্কা সফর হবে বড় মঞ্চ।
