স্পোর্টস ডেস্ক
কিয়েভের সেই ফাইনালের কথা নিশ্চই ভুলে যাননি মোহামেদ সালাহ। ফাইনালের দুঃস্বপ্ন এবার সার্জিও রামোসদের ফিরিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে সালাহরা। ২০১৭-১৮ মৌসুমের সেই ফাইনাল পুনঃমঞ্চায়িত হচ্ছে এবার কোয়ার্টার ফাইনালেই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে গত আসরের দুই ফাইনালিস্টও। সেমিতে যেতে হলে এবার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বাঁধা পেড়োতে হবে নেইমারদের।
গতকাল উয়েফার প্রধান কার্যালয়, সুইজারল্যান্ডের নায়নে অনুষ্ঠিত হয় এবারের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র। চ্যাম্পিয়ন্স লিগের অপর দুই কোয়ার্টারে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড এবং এফসি পোর্তোর মুখোমুখি হবে টমাস টুখেলের চেলসি।
দুই লেগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অনুষ্ঠিত হবে ৬-৭ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ১৩-১৪ এপ্রিল।
(সংযুক্ত ছবির ক্রম অনুসারে) প্রথম ও তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল খেলবে প্রথম সেমিফাইনালে। আর দ্বিতীয় ও চতুর্থ কোয়ার্টারের বিজয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে তুরস্কের ইস্তানবুলে, মে মাসের ২৯ তারিখ।
ইউরোপা লিগের কোয়ার্টারের ড্রও অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে। কোয়ার্টারের লাইনআপ-
গ্রানাডা:ম্যানচেস্টার ইউনাইটেড
আর্সেনাল: স্লাভিয়া প্রাহা
আয়াক্স:রোমা
ডায়নামো জাগরেব:ভিলারিয়াল
এখানেও প্রথম ও তৃতীয় কোয়ার্টারের বিজয়ী দল মুখোমুখি হবে প্রথম সেমিতে। আর দ্বিতীয় সেমিতে খেলবে দ্বিতীয় ও চতুর্থ কোয়ার্টারের বিজয়ী দল। এবারের ইউরোপার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মে, পোল্যান্ডের গদান্সকে।
চ্যাম্পিয়ন্স লিগ-কোয়ার্টার ফাইনাল ড্র
ম্যান সিটি বনাম ডর্টমুন্ড
পোর্তো বনাম চেলসি
বায়ার্ন মিউনিখ বনাম পিএসজি
রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল
