চট্টগ্রাম অফিস
এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার্থী ছাড়া অন্য শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গত বৃহস্পতিবার চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পেশাগত পরীক্ষা নেওয়াসহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজে কার্যক্রম অব্যাহত আছে। পেশাগত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা গেছে, পরীক্ষার্থী ছাড়াও অনেক শিক্ষার্থী ছাত্রাবাসগুলোতে অবস্থান করছে। ফলে করোনার ঝুঁকি বৃদ্ধিসহ নানাবিধ জটিলতা সৃষ্টি হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এতে উদ্বেগ প্রকাশ করেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষার্থী ছাড়া অন্য শিক্ষার্থীদের অনতিবিলম্বে ছাত্রাবাস ত্যাগ করতে নির্দেশ দেওয়া হচ্ছে। পেশাগত পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার পরপরই ছাত্রাবাস ত্যাগ করতে হবে।
এছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডসহ শিক্ষার্থীদেরকে সব রকম সভা-সমাবেশ, মিছিল, স্লোগান, র্যাগ ডে ও বর্ষ সমাপনী উত্সব পালন থেকে বিরত থাকতেও বলা হয়।
