নারায়ণগঞ্জে করোনার সংক্রমণ বাড়লেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২২:২৮

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

বিশ্ব জুড়ে মহামারি রূপ নেওয়া করোনা ভাইরাসের সংক্রমণ রেখা নারায়ণগঞ্জসহ সার দেশে ফের ঊর্ধ্বমুখী। গত চার সপ্তাহ ধরে দৈনিক শনাক্তের সংখ্যা বেড়ে চলেছে। এর পরও নারায়ণগঞ্জে সামাজিক দূরত্ব বজায়ের দিক-নির্দেশনা মানা হচ্ছে না। চলছে বড় আকারের সামাজিক অনুষ্ঠানাদি। সরকারিভাবে মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা থাকলেও তোয়াক্কা করছে না অনেকেই। পথচারীরা একে অপরের শরীরের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে চলাচল করছে। আর নগরীর বাজারগুলোতেও শত শত মানুষকে জটলা । এসব জায়গায় সামাজিক দূরত্বের বালাই নেই। এ ব্যাপারে জেলা স্বাস্থ্য কমিটির প্রধান জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ জানান, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সামাজিক অনুষ্ঠান করতে নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ করা হয়েছে। কেউ এর ব্যত্যয় ঘটালে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক বলেন, মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। এ ব্যাপারে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বিশেষ করে মাস্ক পরা নিয়ে লোকজনের উদাসীনতা চরম মাত্রায় উঠেছে। যার ফলে সামনের দিনগুলোয় সংক্রমণ পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করছেন তারা।