সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিন জনসহ সড়কে ঝরল আট জনের প্রাণ। এর মধ্যে রাজশাহীর বাঘা ও পুঠিয়ায় দুই জন, সাতক্ষীরায় সাংবাদিক, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবক ও চট্টগ্রামের চন্দনাইশে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার পৌর সদরের হাইলাগাটি ব্রিজ এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে বৃহস্পতিবার গভীর রাতে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে সিএনজি চালকসহ তিন জন নিহত হন। নিহতরা হলেন : পৌর এলাকার দ্বারিয়াপুর-শক্তিপুর মহল্লার সিএনজি চালক আশিক (২৫), যাত্রী সাকিব (২২) ও রাশেদুল ইসলাম (৩০)। এরা সবাই আব্দুল হামিদ সিএনজি গ্যাস স্টেশন থেকে গ্যাস নিয়ে পাশে বিসিক বাসস্ট্যান্ডে ফিরছিল। দুর্ঘটনায় আটো রিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়।
বাঘা (রাজশাহী) সংবাদদাতা জানান, বাঘায় মোটরসাইকেলের সঙ্গে বনভোজনগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক মজনু নিহত এবং অপর তিন জন আহত হন। শুক্রবার দুপুরে উপজেলার তেপুকুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ঘাতক বাসসহ দোমড়ানো-মোচড়ানো মোটরসাইকেল এবং একটি ভ্যান উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় আহতরা হলেন—ভ্যানচালক সাবাজ আলী, যাত্রী রজন ও অশক।
এদিকে পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা জানান, ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার ঝলমালিয়া নামক স্থানে শুক্রবার দুপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূ নিহত হন। তিনি পুঠিয়া কাঁঠালবাড়ীয়া গ্রামের আবু সামার স্ত্রী টুম্পা খাতুন (৩০)।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সরাইলে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সালাউদ্দিন (৪০) নামে এক যুবক নিহত এবং অপর তিন ব্যক্তি আহত হন। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সালাহউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া মহল্লার চান মিয়ার ছেলে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলীর ধাক্কায় ইসমাইল হোসেন (৩৬) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল কলারোয়া উপজেলার গদখালি গ্রামের মো. আক্তার হোসেন ভোলার ছেলে এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোরের সাংবাদিক।
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মুন্সীভিটা বাড়ির আবুল কালামের ছেলে মো: আছিব (১৮) গতকাল শুক্রবার আনোয়ারা পাড়কির চর সুমুদ্র সৈকতে মোটরসাইকেল করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। আছিবের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
