গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত গ্রামে গতকাল শুক্রবার মাটিচাপা পড়ে তিন শিশু নিহত হয়েছে। নিহত শিশুরা হচ্ছে—ঐ গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৪), তার ফুফাতো ভাই গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের বারো বলদিয়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে হজরত আলী (৭) ও আবির হোসেন (৫)।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান শিশুদের পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানান, কয়েক দিন আগে হজরত আলী ও আবির হোসেন সুন্দরগঞ্জের কিশামত গ্রামে তাদের নানাবাড়িতে বেড়াতে আসে। তারা দুই ভাই গতকাল বেলা ১১টার দিকে মামাতো ভাই রিফাত মিয়াকে সঙ্গে নিয়ে বাড়ির কাছে খেলতে যায়। সেখানে একটি রাস্তার কাজে নতুন মাটি ফেলা হয়েছে। মাটি কাটার কারণে রাস্তার পাশে অনেক গর্তের সৃষ্টি হয়। একটি গর্তে নেমে তারা তিন জন খেলছিল। এক পর্যায়ে গর্তের পাশের বালু মাটি ভেঙে পড়লে তারা তিন জনই চাপা পড়ে।
