জন্মদিনে জয়ের যুদ্ধে তামিম

আপডেট : ২০ মার্চ ২০২১, ০৭:৪৪

বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র, দেশসেরা ওপেনার তামিম ইকবাল ৩২তম জন্মদিন আজ।  এমন দিনে বিদেশের মাটিতে প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে যাচ্ছেন তিনি। স্বভাবতই ভালো কিছু করতে চাইবেন তিনি। 

১৯৮৯ সালের এই দিনে পৃথিবীতে এসেছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এই যুগস্রষ্টা। বাংলাদেশের ক্রিকেট গৌরবগাঁথার অনেক অধ্যায়ই রচিত হয়েছে তার ব্যাটে। ব্যাট হাতে বাংলাদেশের এ ওপেনার তার দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। জন্মদিনটা দেশের মাটিতে উদযাপনের সুযোগ পাচ্ছেন না তামিম। 

জন্মদিনে খেলোয়াড়দের মাঠে থাকার অনেক নজির রয়েছে বিশ্ব ক্রিকেটে। শুধু তাই নয়, রয়েছে অনেক স্মরণীয় পারফরম্যান্সও। ২০১৩ সালের অ্যাশেজে নিজের জন্মদিনে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার পিটার সিডল কিংবা ২০১১ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নিজের জন্মদিনে ১২৪ বলে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের রস টেলর। 

ইতিহাসের পাতায় জন্মদিনে এমন উদ্ভাসিত পারফরম্যান্স আছে আরও অনেক। যেখানে থাকতে পারত বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের নামও। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন ছিল ২০ মার্চ, তামিম ইকবালের ২১তম জন্মদিন। সেদিন বিরল এক কীর্তির খুব কাছে গিয়ে ফিরে আসতে হয় তামিমকে।

জন্মদিনে মাঠে নামলে হাসে তামিমের ব্যাটও। প্রায় ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনও পর্যন্ত চারবার জন্মদিনে খেলতে নেমেছেন তামিম। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ ছাড়াও পঞ্চাশ পেরিয়েছেন আরও একবার, রয়েছে ৪৬ রানের ইনিংস।

২০০৮ সালে ক্যারিয়ারের দ্বিতীয় বছরেই জন্মদিনে মাঠে নেমে যেতে হয় তাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৪টি চারের সঙ্গে ১ ছয়ের মারে করেন ৪৬ রান। পরে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ রানের সেই ইনিংস। এর দুই বছর পর ২০১২ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে খেলেন ৫৭ বলে ৫৯ রানের ইনিংস। যা বাংলাদেশের জয়ের পথ সুগম করেছিল।

তামিম সবশেষ জন্মদিনে খেলতে নেমেছেন ২০১৪ সালে। সেটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ। শুধুমাত্র এই জন্মদিনের ম্যাচটিতেই হাসেনি তামিমের ব্যাট। হংকংয়ের বিপক্ষে সেই ম্যাচে তামিম আউট হন শূন্য রানে। সবমিলিয়ে জন্মদিনে খেলা চার ম্যাচে জোড়া ফিফটিতে তামিমের সংগ্রহ ৪৭.৫০ গড়ে ১৯০ রান।

এবার ঠিক সাত বছর পর আবারও জন্মদিনে খেলতে নামছেন তামিম। আজ (শনিবার) ২০ মার্চ, তামিম ইকবালের ৩২তম জন্মদিন। আর এদিন তামিম ইকবালের নেতৃত্বেই স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ দল। আগের চার ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে জন্মদিনে আরও একটি ভালো ইনিংস পাওয়া যাবে তামিমের ব্যাট থেকে।

জন্মদিনের আনন্দ-উচ্ছ্বাস দ্বিগুণ করতে নিশ্চিতভাবেই ভালো একটি ইনিংসের আশায় থাকবেন তামিম। তবে আদৌ সেটি পাওয়া যাবে কি না, তা বলে দেবে সময়।

উল্লেখ্য, চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিখ্যাত খান পরিবারে ১৯৮৯ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন তামিম ইকবাল। বাবা ইকবাল খান, চাচা আকরাম খান ও সহোদর নাফিস ইকবালের পথ ধরে তামিমও নাম লিখিয়েছেন খেলাধুলায়। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অভিষেক হয়েছে তার। দীর্ঘ ১৪ বছরের পথ পরিক্রমায় তিনি এখন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক।

এ পর্যন্ত খেলা ৬২ টেস্টে ৯ সেঞ্চুরিতে তামিমের সংগ্রহ ৪৫০৮ রান। ওয়ানডে ক্রিকেটে ২১০ ম্যাচে ১৩ সেঞ্চুরির সাহায্যে করেছেন ৭৩৬০ রান এবং কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের পক্ষে একমাত্র সেঞ্চুরিসহ মোট ১৭৫৮ রান রয়েছে তামিমের ঝুলিতে।

ইত্তেফাক/এসআই