১৯৭১ সালে দৈনিক ইত্তেফাক (২০ মার্চ)

আপডেট : ২০ মার্চ ২০২১, ২০:৪১

সাহসী সাংবাদিকতার পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার সম্পাদনায় ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর দৈনিক হিসেবে যাত্রা শুরুর পর থেকে ইত্তেফাক হয়ে ওঠে গণমানুষের মুখপত্র।  বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে অসামান্য ভূমিকা রেখেছিল পত্রিকাটি। সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার থেকে আপসহীনভাবে সত্য প্রকাশ করে গেছে ইত্তেফাক। পত্রিকাটির এই ভূমিকা উপমহাদেশের সংবাদপত্রের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়।

স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চে দৈনিক ইত্তেফাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ১৯৭১ সালের ২০ মার্চ প্রকাশিত দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার মূল প্রতিবেদনের শিরোনাম করা হয়, ‘শীর্ষস্থানীয় সহকর্মীসহ অদ্য মুজিব-ইয়াহিয়া বৈঠক’। এতে জানানো হয়, একদিন বিরতির পর ১৯ মার্চ ঢাকাস্থ প্রেসিডেন্ট ভবনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া ও আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে তৃতীয় দফা আলোচনা হয়েছে। ১০ মিনিটকাল স্থায়ী হয় এই বৈঠক। এতে অন্য কেউ ছিলেন না। 

১৯৭১ সালের ২০ মার্চ ইত্তেফাকের প্রধান খবরের ওপরে রাখা হয়, 'জয়দেবপুরে জনতা-সেনাবাহিনীতে সংঘর্ষ: ৩ জন নিহত, সান্ধ্য আইন জারি' প্রতিবেদনটি। আর জয়দেবপুরের ঘটনা প্রসঙ্গে বঙ্গবন্ধুর নিন্দা জ্ঞাপনের খবর, 'ইহাই কি তবে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরাইয়া লওয়ার নমুনা!'

ইত্তেফাক/জেএইচ