মিলনমেলায় উৎসবে মেতেছিলো কুমিল্লায় জিলা স্কুল

আপডেট : ২০ মার্চ ২০২১, ১৮:৫৬

১৮৪ বছরের প্রাচীন কুমিল্লা জিলা স্কুল থেকে ২০০২ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীরা শুক্রবার (১৯ মার্চ) স্কুল প্রাঙ্গনে মেতেছিলো উৎসবে। 

স্মৃতির টানে আবারো এক হতে স্কুলের সবুজ আঙ্গিনায় ফিরেছিলো দেড় শতাধিক বন্ধু। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সহপাঠীরা পুনর্মিলনীর দিনব্যাপী আয়োজনে অংশ নিতে সকাল থেকেই সমবেত হতে থাকে বিদ্যালয় প্রাঙ্গনে। পুরনো বন্ধুদের কাছে পেয়ে কুশল বিনিময় ও আড্ডায় মেতে উঠে একেকজন। 

সকাল ৯টায় বের হয় ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দঘন বর্নাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুলের নিজস্ব অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। পরে স্কুল ক্যাম্পাসের শহীদ আবু জাহিদ মিলনায়তনে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের পুনর্মিলনীর আলোচনা সভা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম। 

সভায় ওই ব্যাচের অকালপ্রয়াতদের স্মরণে শোকপ্রস্তাব ও নীরবতা পালনসহ স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে দেয়া হয় ব্যাচের লগো সম্বলিত ব্যাগ, টি-শার্ট, ক্রেস্ট, ম্যাগাজিনসহ নানা রকমের স্মারক। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের প্রদান করা হয় সম্মাননা। আলোচনা সভায় শিক্ষকদের আবেগঘণ বক্তব্য আপ্লুত করে সবাইকে। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে খেলাধুলা এবং সন্ধ্যায় শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান চলে রাত ৯টা পর্যন্ত। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন উৎসব আয়োজনের প্রধান আরেফিন হক পিয়াস। ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণমূলক আড্ডা, খেলাধুলা ও সাংস্কৃতিকসহ নানা অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে এক অভূতপূর্ব প্রাণের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।


ইত্তেফাক/এনএ