যুবলীগ নেতাকে হত্যাচেষ্টায় মামলায় কুসিক কাউন্সিলর কারাগারে

আপডেট : ২০ মার্চ ২০২১, ২০:১৮

রাজনৈতিক বিরোধের জের ধরে যুবলীগ নেতা রোকন উদ্দিনকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার মামলায় গ্রেফতার হওয়া কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল বিন জলিলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শনিবার (২০ মার্চ) বিকালে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার রাতে তাকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আহত রোকন উদ্দিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সুনামগঞ্জে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল নিয়ে যুবলীগ নেতা রোকন উদ্দিন শুক্রবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর কাশারীপট্টি মসজিদের সামনে থেকে মহানগর আওয়ামী লীগের পার্টি অফিসে যাচ্ছিলেন। বিকাল পৌনে ৪টার দিকে মিছিলটি নগরীর অজিতগুহ মহাবিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসেন নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিল। এসময় তিনি অতর্কিতভাবে মিছিলের উপর গাড়ি তুলে দেন। এতে রোকন উদ্দিনের দুই পা গুরুতর জখম হয়। এ ঘটনায় আহত হন অন্তত ৫-৬ জন। শুক্রবার রাতে রোকন উদ্দিন বাদী হয়ে ওই কাউন্সিলরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

শনিবার সন্ধ্যায় কোতয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, গ্রেফতারকৃত কাউন্সিলর সাইফুল বিন জলিলকে আদালতে নিয়ে গেলে সেখান থেকে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 


ইত্তেফাক/এনএ