তবুও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না বোল্টরা

আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:২১

স্পোর্টস ডেস্ক

ম্যাচের পঞ্চম ওভারে তামিম ইকবাল ও সৌম্য সরকারকে সাজঘরে ফিরিয়ে দেওয়া ট্রেন্ট বোল্টের হাতেই শুরুই হয়েছিল বাংলাদেশের ব্যাটিং ধস। ৪২তম ওভারে আবার একসঙ্গে সফরকারীদের শেষ দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে সেই ধসের পূর্ণতাও দিয়েছেন তিনিই। গতকাল ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগারদের গুঁড়িয়ে দিয়ে পাওয়া আয়েশি জয়ের পরও সফরকারীদের হালকাভাবে নিচ্ছেন না বলেই জানালেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।

প্রথম ইনিংসে বোল্টদের বীরত্বের পর দ্বিতীয়ে ইনিংসে কিউই ব্যাটসম্যানরাও বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করেছে হেসেখেলেই।  ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া বোল্ট ম্যাচশেষে সফরকারী বাংলাদেশ দলকে নিয়ে বলেন, ‘আপনি কাগজে-কলমে তাদের দলটাকে দেখুন, দলের ভেতরে যেই পরিমাণ অভিজ্ঞতা আছে, অবশ্যই তারা শতভাগ চেষ্টা করবে নিউজিল্যান্ডে তাদের সর্বোচ্চটা দেওয়ার। দেশে তারা যেই কন্ডিশনে খেলে, সেই তুলনায় এখানকার কন্ডিশন কিছুটা অচেনা লাগবে। কিন্তু এর পরও, হালকাভাবে নেওয়ার মতো প্রতিপক্ষ তারা না।’

গতকালকের ম্যাচ সম্বন্ধে কথা বলতে গিয়ে তামিমের সঙ্গে বোল্টের দ্বৈরথের প্রসঙ্গও এলো। সে ব্যাপারে বোল্ট বলেন, ‘বেশি লোকজনের সঙ্গে দ্বৈরথ হয় না আমার, কিন্তু তামিমের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলেছি আমি। আমি বাঁহাতিদের বল করতে পছন্দ করি, এটা এখন আর গোপন কিছু না। উইকেটে বল সুইং করতে দেখে ভালো লাগছিল। শুরুতে ওদের প্রথম দুটি উইকেট ফেলে মিডল অর্ডারে উপর চাপ ফেলে দেওয়াটা স্বস্তিদায়ক ছিল।’

এই ওয়ানডে দিয়েই একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছে তিন কিউই ক্রিকেটারের। এই ফরম্যাটে দলের নতুন তিন সংযোজন ডেভন কনওয়ে, উইল ইয়ং ও ড্যারেল মিচেলকে নিয়েও উঁচুবাক্য করেছেন বোল্ট। আর ডানেডিনে এক রানের জন্য অর্ধশতক মিস করা ওপেনার হেনরি নিকলস খেলতে নেমেছিলেন এই ফরম্যাটে নিজের ৫০তম ম্যাচ, ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম খেলতে নেমেছিলেন নিজের ১০০তম ম্যাচ। এ সব মিলিয়ে বর্তমানে কিউই ড্রেসিংরুমের অবস্থা বেশ ফুরফুরে বলেই জানালেন বোল্ট।