স্পোর্টস ডেস্ক
নিয়মরক্ষার ম্যাচেও জিম্বাবুয়েকে ছাড় দিল না আফগানরা। নাজিবুল্লাহ জাদরানের ঝড়ো ব্যাটিং ও বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে গতকাল আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪৭ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান।
তিনটি ম্যাচই প্রায় একইভাবে জিতেছে আফগানিস্তান। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির মতো গতকালও শুরুতে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। চারে নামা জাদরানের ৩৫ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস ও উসমান গনি, আসগর আফগানদের মাঝারি মাপের ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৫৬ রানেই ৫ উইকেট পড়ে গেলে জিম্বাবুয়ের পরাজয় একরকম নিশ্চিত হয়ে যায় তখনই। ষষ্ঠ উইকেট জুটিতে সিকান্দার রাজা (৪১*) ও রায়ান বার্ল (৩৯*) ৮০ রানের পুঁজি তুললে পরাজয়ের ব্যবধানটা একটু কমাতে সক্ষম হয় জিম্বাবুয়ে। রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ে সিরিজের তিনটি টি-টোয়েন্টি হেরেছে যথাক্রমে ৪৮, ৪৫ ও ৪৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ২০ ওভারে ১৮৩/৭ (নাজিবুল্লাহ ৭২*, উসমান ৩৯; মুজারাবানি ২-৪১)
জিম্বাবুয়ে : ২০ ওভারে ১৩৬/৫ (রাজা ৪১*, বার্ল ৩৯*; জানাত ২-৩৪, নাভীন ১-১৭)
ফল : আফগানিস্তান ৪৭ রানে জয়ী।
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ৩-০ তে জয়ী আফগানিস্তান।
ম্যাচসেরা : নাজিবুল্লাহ জাদরান।
সিরিজসেরা: করিম জানাত।
