মদনে ধলাইয়ের বুকে ফসলের আবাদ!

আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:৪৪

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

মদন উপজেলার ধলাই নদী এখন কৃষিজমি হিসেবে ব্যবহূত হচ্ছে। নাব্য সংকটে এ নদী ফসলের মাঠে পরিণত হয়েছে। আবার কোথাও কোথাও বড় বড় ডোবায় পরিণত হয়েছে এ ধলাই নদী। ফতেপুর অংশে মগড়া নদী থেকে বের হয়ে আশপাশের উপজেলা কেন্দুয়ায় সাইডুলি নদীর সঙ্গে মিশেছে এ নদী।

জানা গেছে, এক সময় ধলাইয়ের বুক বেয়ে মদন-কেন্দুয়া তাড়াইল থেকে লঞ্চ-স্টিমার ও পালতোলা নৌকা যাতায়াত করত। ধান-পাটবোঝাই বড় বড় মালবাহী নৌকা আসত। ধলাই নদীকে কেন্দ্র করে তাড়াইল, কেন্দুয়া, খালিয়াজুরী, ইটনা, মিটামইন, কিশোরগঞ্জ, ভৈরবসহ মদন উপজেলার বেশ কয়েকটি গ্রামে ব্যবসা গড়ে উঠেছিল।

উপজেলার রাজতলা গ্রামের কৃষক সাদেক খান, দানা মিয়া, ছালাম মিয়া জানান, এই নদী দিয়ে অনেক বড় বড় নৌকা চলত। মদন, তাড়াইল থেকে অনেক মালামাল নিয়ে আসা যেত। এখন আর সেই নদী নেই, নদীতে ধানখেত করার জমি হয়েছে। কালের বিবর্তনে খরস্রোতা নদী মরে ফসলের খেত হয়েছে। ধলাই নদী এখন ভাগাভাগি হয়ে যাচ্ছে। দুই তীরে যাদের জমি অনেকটা তাদের হাতেই জিম্মি। নতুন করে আবার কেউ কেউ নদী দখলে নিচ্ছে। নদীর পাড়ে যাদের জমি নেই তারাও ধান লাগানোর ছলনায় নদী দখল করছে। কেউ কেউ সুবিধা অনুযায়ী বালি উত্তোলন করে অন্যত্র বিক্রি করে দিচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ‘নদী থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে। নদী খননের জন্য প্রস্তাব পাঠানো হবে।’