ভারত-পাকিস্তান সিন্ধু কমিশনের বৈঠক ২৩ মার্চ

আপডেট : ২০ মার্চ ২০২১, ২১:৫৪

ভারত ও পাকিস্তানের সিন্ধু নদের কমিশনারদের বৈঠক আগামী ২৩ ও ২৪ মার্চ। নয়াদিল্লিতে বসবেন দুই দেশের সিন্ধু কমিশনাররা। ‘স্থায়ী সিন্ধু কমিশন’-এর এটি বার্ষিক বৈঠক। সিন্ধু পানিচুক্তির শর্ত অনুযায়ী দুই দেশের কমিশনাররা বছরে অন্তত একবার বৈঠক করবেন। তবে করোনা পরিস্থিতির কারণে গত বছর এই বৈঠক হয়নি। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সিন্ধু কমিশনার প্রদীপ কুমার সাক্সেনা এবং পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন পাকিস্তানের সিন্ধু কমিশনার সৈয়দ মুহাম্মদ মেহের আলি শাহ। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পর দুই দেশের কমিশনাররা এই প্রথম বৈঠক বসতে যাচ্ছেন। ভারত লাদাখের কয়েকটি জলবিদ্যুত্ প্রকল্পের কথা পাকিস্তানকে জানিয়েছিল। ইস্যুটি আলোচনায় আসতে পারে। ভারতীয় কমিশনার সাক্সেনা বলেন, চেনাবে ভারতীয় জলবিদ্যুত্ পকল্পের ডিজাইন নিয়ে পাকিস্তানের উদ্বেগ রয়েছে; এ নিয়ে আলোচনা হবে। গত বছরের মার্চে বৈঠক হওয়ার কথা থাকলেও মহামারি পরিস্থিতির কারণে বাতিল করা হয়।