তদন্তেই কেটে গেল তনু হত্যা মামলার পাঁচ বছর

আপডেট : ২০ মার্চ ২০২১, ২২:২৯

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠান

কুমিল্লা প্রতিনিধি

দেশব্যাপী বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের পাঁচ বছর পূর্ণ হলো গতকাল শুক্রবার। তনুর বাবা-মা ও স্বজনরা বলছেন, তনুর লাশের দুই দফা ময়নাতদন্তেও মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে না পারা, কয়েক দফায় তদন্তকারী সংস্থা ও কর্মকর্তা পরিবর্তন, ডিএনএ ম্যাচিংয়ে (মেলানো) সময় অতিবাহিত হওয়া এবং বিভিন্ন সময়ে লাশ উদ্ধারের স্থান পরিদর্শন ও সন্দেহভাজন ব্যক্তিদের দফায় দফায় জিজ্ঞাসাবাদেই কেটে গেছে দীর্ঘ পাঁচ বছর। এর মধ্যে গত পাঁচ মাস ধরে এ মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে এখনো ঘাতকদের কেউ শনাক্ত কিংবা গ্রেফতার হয়নি। তারা জানান, তনুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার জেলার মুরাদনগর উপজেলার মির্জাপুরে তাদের গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরিবারের লোকজনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

পিবিআই-ঢাকার পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, মামলাটির তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা গুরুত্বের সঙ্গে এসব বিষয় মনিটরিং করছেন। এছাড়া ডিএনএ ম্যাচিংয়ের বিষয়ে অগ্রগতি জানার জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে, এখনো পাওয়া যায়নি।