তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা
কোস্টগার্ড দক্ষিণ জোনের তজুমদ্দিন কন্টিনজেন্ট কমান্ড ও উপজেলা মত্স্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে মেঘনার বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও আটটি অবৈধ বিহিন্দী জাল আটক করেছে। গতকাল আটককৃত এসব জাল স্লুইজঘাট এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।
উপজেলা মত্স্য অফিসার আমির হোসেন জানান, ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ দিন চলছে অভিযান।
তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মোঃ মোনায়েম হোসেন জানান, শনিবার ও শুক্রবার তজুমদ্দিনের মেঘনার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও মাছের পোনা বিনাসকারী আটটি বিহিন্দীজাল জব্দ করা হয়। যার মূল্য অনুমান ২০ লক্ষ টাকা হবে। এ সময় প্রায় ৫০ কেজি ঝাটকা ইলিশ ও ১০০ কেজি গুঁড়া মাছ উদ্ধার করে গরিবদের মাঝে বিলি করা হয়।
