দৌলতদিয়ায় যৌনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২০ মার্চ ২০২১, ২৩:০৬

শুক্রবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর একটি বাড়ি থেকে রেখা আক্তার (২৩) নামে এক যৌনকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেখার বাড়ি পটুয়াখালীতে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা গেছে, রেখার কিছুটা মানসিক সমস্যা ছিল। তিনি প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন এবং নিজের শরীরের বিভিন্ন স্থান ব্লেড দিয়ে কাটতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রেখা ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। গতকাল শুক্রবার বিকালেও রেখা ঘর থেকে বের না হলে সবার সন্দেহ হয় এবং ঘরের জানালা দিয়ে দেখা যায় বাঁশের আড়ায় ঝুলছে রেখার লাশ। এরপর গোয়ালন্দ ঘাট থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ঘরের দরজা খুলে রেখার লাশ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে।