যুবলীগ নেতাকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা মামলায় কুসিক কাউন্সিলর কারাগারে

আপডেট : ২১ মার্চ ২০২১, ০০:৩৪

রাজনৈতিক বিরোধের জের ধরে যুবলীগ নেতা রোকন উদ্দিনকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল বিন জলিলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার বিকালে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার রাতে তাকে প্রধান আসামি করে আট জনের বিরুদ্ধে মামলা করা হয়। আহত রোকন উদ্দিন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সুনামগঞ্জে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রদায়িকতাবিরোধী মিছিল নিয়ে যুবলীগ নেতা রোকন উদ্দিন শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর কাশারীপট্টি মসজিদের সামনে থেকে মহানগর আওয়ামী লীগের পার্টি অফিসে যাচ্ছিলেন। বিকাল পৌনে ৪টার দিকে মিছিলটি নগরীর অজিতগুহ মহাবিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসেন নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিল। এ সময় তিনি অতর্কিতভাবে মিছিলের ওপর গাড়ি তুলে দেন। এতে রোকন উদ্দিনের দুই পা গুরুতর জখম হয়। এ ঘটনায় আহত হন অন্তত পাঁচ-ছয় জন। শুক্রবার রাতে রোকন উদ্দিন বাদী হয়ে ঐ কাউন্সিলরসহ আট জনের বিরুদ্ধে মামলা করেন। শনিবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, গ্রেফতারকৃত কাউন্সিলর সাইফুল বিন জলিলকে আদালতে নিয়ে গেলে সেখান থেকে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশনের গত নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ড থেকে বিএনপি-সমর্থিত কাউন্সিলর সাইফুল বিন জলিলের প্রতিদ্বন্দ্বী ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিনের অনুসারী যুবলীগ নেতা রোকন উদ্দিন। সম্প্রতি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমার হাতে ফুল দিয়ে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন রোকন উদ্দিনকে গাড়িচাপায় হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া কাউন্সিলর সাইফুল বিন জলিল।