টেকেরহাটে হামলায় ১০ ব্যবসায়ী আহত

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:১৮

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্টিতে ব্যবসায়ীদের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় কমপক্ষে ১০ জন ব্যবসায়ী আহত হয়। গুরুতর আহত তিন জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীরা দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালায়। রবিবার সকাল ১০টার সময় এ ঘটনা ঘটে। এ হামলার সুষ্ঠু বিচারের দাবিতে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করে। পরে পৌর মেয়র নাজমা রশীদ ও ওসি শেখ সাদিক ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা দোকান খুলতে সম্মত হয়। রাজৈর থানার ওসি শেখ সাদিক জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।