কলেজশিক্ষকের হাত কর্তনের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:১৮

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুর এক হাত কর্তনের প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন হয়েছে। ফুলবাড়ী সদরের তিনকোণা মোড়ে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন হয়। ছাত্রনেতা মোমরেজ সরকার টুটুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, দাসিয়ারছড়া ছাত্রলীগের আহ্বায়ক জাকির সরকার, কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান শাওন প্রমুখ। বক্তারা বলেন, মজিদা কলেজের শিক্ষক ও সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি আতাউর রহমান মিন্টুর ওপর যে বর্বর হামলা চালানো হয়েছে তা নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থার জোর দাবি জানান তারা।