বিবাহের দিনই বন্যার পানিতে বাড়ি ভেসে গেলো নবদম্পতির

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:১৯

সিডনিসহ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। এতে স্থানীয় মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট ভেঙে যাওয়াসহ অসংখ্য বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। অবস্থা এতটাই খারাপ যে, উপকূলীয় মানুষদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।

এদিকে বিবিসি জানিয়েছে, নিউ সাউথ ওয়েলসে সদ্য বিবাহিত এক যুগলের বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে। গতকাল শনিবার (২০ মার্চ) তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আর রাতেই এ ঘটনা ঘটে। অবশ্য সৌভাগ্যক্রমে তারা এদিন বাড়িটিতে ছিলেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী বৃষ্টিপাতের কারণে ম্যানিং নদীর তীর ভেঙে যায়। এতে উপকূলে থাকা তিন বেড রুমের এই বাড়িটি মুহূর্তের মধ্যেই তীব্র পানির স্রোতে ভেসে গেছে।

প্রতিবেদনে বলা হয়, সিডনি থেকে ঠিক উত্তরে অবস্থিত মন্ড্রুকে সম্প্রতি বাড়িটি ভাড়া নেন সারা সেয়ারস এবং জোশুয়া এজ দম্পতি। বিবাহ করবেন বলেই এটি ভাড়া নিয়েছেন তারা। কিন্তু বিবাহের দিন শনিবার রাতেই নদীর তীরে অবস্থিত বাড়িটি বন্যার পানিতে ভেসে গেলো।

অবশ্য দীর্ঘ নয় বছর ধরেই একসাথে বসবাস করছেন তারা। শনিবার বিবাহের দিন এই দম্পতি নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে অন্য বাড়িতে ছিলেন। যার কারণে কোনো দুর্ঘটনার কবলে পড়তে হয়নি তাদের।

বড় একটি বাঁধ থেকে পানি উপচে পড়ায় এবং ছোটখাটো একটি টর্নেডো শহরের পশ্চিম দিকে তাণ্ডব চালানোর পর সিডনির কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছে। নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের উপকূলের বেশির ভাগ অংশ এবারের মার্চে রেকর্ড বৃষ্টিপাত দেখেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। অস্ট্রেলিয়ার আড়াই কোটি জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশই এনএসডব্লিউতে বাস করে। রাজ্যটিতে এ দফার বৃষ্টি চলতি সপ্তাহের শেষ পর্যন্ত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইত্তেফাক/টিএ