ওয়ানডেতে থাকছেন না আর্চার, রুট

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:২৮

স্পোর্টস ডেস্ক

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে সফরকারী ইংল্যান্ড। কনুইয়ের চোটের জন্য দল থেকে বাদ পড়েছেন পেসার জফরা আর্চার। টেস্ট সিরিজ খেলে দেশে ফেরত যাওয়া জো রুটকেও ফেরত আনা হচ্ছে না এ সিরিজের জন্য। এদিকে প্রায় এক বছর পর দলে ডাক পেয়েছেন লেগস্পিনার ম্যাট পার্কিনসন।

দল ঘোষণাকালে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, আর্চারের ডান কনুইয়ে চোট আগে থেকেই ছিল। সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলার সময় চোটের অবনতি হয়েছে বলে ধারণা করছে ইসিবির মেডিক্যাল ইউনিট। এপ্রিলে শুরু হতে যাওয়া আইপিএলের প্রথম অংশেও আর্চার অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছে ইসিবি।

১৪ সদস্যের দলের বিকল্প হিসেবে থাকছেন জ্যাক বল, ক্রিস জর্ডান ও ডেভিড মালান। টি-টোয়েন্টি সিরিজ খেলে তিন জনই এখন ভারতে থাকায় দেশ থেকে বাড়তি কাউকে উড়িয়ে আনতে হচ্ছে না সফরকারীদের। আগামীকাল ২৩ মার্চ চেন্নাইয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে এউইন মরগানরা। সিরিজের পরের দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ ও ২৮ মার্চ, একই ভেন্যুতে।

ইংল্যান্ডের ওয়ানডে দল :

এউইন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জেসন রয়, স্যাম বিলিংস, লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, স্যাম কারান, টম কারান, রিচ টপলি, আদিল রশিদ, ম্যাট পার্কিনসন এবং মার্ক উড।