বেশির ভাগ ক্লাবে নির্বাচন হয় না

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:২৮

স্পোর্টস রিপোর্টার

ক্রীড়া সংগঠনকে লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পথ দেখিয়েছিল আবাহনী। ১৯৮৯ সালে প্রস্তাবিত এবং ১৯৯১ সালে জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রেশন হয়। সেই থেকেই আবাহনী ক্রীড়া চক্র হয়ে যায় আবাহনী লিমিটেড। এরপর মোহামেডানও লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয়। কিন্তু একবার নির্বাচন হওয়ার পর দীর্ঘদিন নির্বাচন হচ্ছিল না। সেটাও হয়ে গেল এবার। আবাহনীর জেনারেল ম্যানেজার সুবাস সোম বললেন, ‘বোর্ড মিটিং হয়। বছরে এক বার, দুই বার এমনিক তিন বারও বোর্ড মিটিং হয়।  কোনো এজেন্ডা থাকলে সেটি নিয়ে বোর্ড পরিচালকরা বৈঠকে বসেন।’

ফুটবল অঙ্গনে লিমিটেড কোম্পানি আরো আছে। ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড,  সাইফ স্পোর্টিং ক্লাবও রয়েছে এর মধ্যে। কোনো ক্লাবেই নির্বাচন হওয়ার কথা শোনা যায় না। মোহামেডানের পরিচালক পর্ষদের নির্বাচন যেভাবে হয়েছে সেভাবে কোনো ক্লাবের নির্বাচনি ঢামাডোল বাজে না ক্রীড়াঙ্গনে। একাধিক ক্লাবের সঙ্গে কথা বলে জানা গেছে লিমিটেড কোম্পানিতে রূপান্তর হওয়া প্রায় সব ক্লাবই নামকাওয়াস্তে পরিচালক পর্ষদ মনোনীত হচ্ছে। ঢাকার বাইরের একটি ক্লাবের পরিচালক বললেন, ‘আমাদের ক্লাব লিমিটেড কোম্পানি। কিন্তু কখন কে পরিচালক হচ্ছেন তা নিজেরাই জানি না। তথকথিত বোর্ড অব ডিরেক্টর হচ্ছেন কিন্তু মোহামেডানের মতো নির্বাচন হয়ে নয়। কত জন পরিচালক আমি নিজেও জানি না।’ ওয়ারী ক্লাবের সাধারণ সম্পাদক মহিদুর রহমান মিরাজ দাবি করলেন তাদের ক্লাবে নির্বাচন হয়।