ভূমিসেবা ডিজিটালাইজেশনে অবদান রাখায় ভূমিমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি লাভ

আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:৪৯

ইত্তেফাক রিপোর্ট

ভূমি মন্ত্রণালয়ের স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিকাশ লাভ ও সেবা ডিজিটালাইজেশনে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’ সম্মাননা প্রদান করেছে।

গতকাল রবিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’-এর সভাপতি ড. দিবাকর সুকুল আনুষ্ঠানিকভাবে ভূমিমন্ত্রীর প্রতি সম্মাননা উপস্থাপন করেন। পরে সংগঠনটির বাংলাদেশ অংশের সভাপতি রাওমান স্মিতা ভূমিমন্ত্রীর হাতে সম্মাননা সনদপত্র তুলে দেন।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, এ অর্জন কেবল আমার নয়—এই অর্জন পুরো মন্ত্রণালয়ের। অনুষ্ঠানে ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।