কাদের মির্জা আয়োজিত মওদুদের শোকসভায় পুলিশের নিষেধাজ্ঞা

আপডেট : ২১ মার্চ ২০২১, ২২:১৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে নাগরিক শোক সভা ও মিলাদ মাহফিল চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশে স্থগিত করা হয়েছে। পৌরসভা কার্যালয়ে রবিবার বিকেল ৪টায় এ নাগরিক শোকসভা হওয়ার কথা ছিল। দুপুর ২টায় ফেসবুক লাইভে এসে আবদুল কাদের মির্জা বলেন, ঘণ্টাখানেক আগে কোম্পানীগঞ্জ থানার ওসি আমাকে জানান, আপনার আয়োজিত নাগরিক শোকসভা ও মিলাদ মাহফিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থগিত করা হলো। এ বিষয়ে আমি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনকে ফোন করলে তিনি জানান, এ কর্মসূচি পালন করা যাবে না, আপনি প্রয়োজনে নোয়াখালীতে এ কর্মসূচি পালন করুন। বর্তমানে বসুরহাট পৌরসভার মিলনায়তন র্যাব-১১, ডিবি ও দাঙ্গা পুলিশ ঘিরে রেখেছে। কোনো লোককে পৌরসভা কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না।