চট্টগ্রামে সবধরনের সভা-সমাবেশ সাময়িক নিষিদ্ধ

আপডেট : ২১ মার্চ ২০২১, ২২:২১

চট্টগ্রামে প্রকাশ্যে সভা-সমাবেশ, ওরশ, মিলাদ মাহফিল, মহোত্সব ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এছাড়া এখন থেকে ক্লাব, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হোটেল-রেস্টুরেন্টগুলোতে সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানে ১০০ জনের অধিক অতিথির সমাগম করা যাবে না। সীমিত পরিসরে অনুষ্ঠান চলাকালে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি ও কমপক্ষে ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। গতকাল রবিবার চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে কমিউনিটি সেন্টার ও হোটেল-রেস্টুরেন্ট মালিকদের কাছে চিঠি দেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে মাস্ক পরিধানসহ শতভাগ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সমুদ্র সৈকত, পার্ক, বিনোদন কেন্দ্র ও অন্যান্য দর্শনীয় স্থানে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানের পাশাপাশি মানুষের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সাহাবউদ্দিন ও চট্টগ্রামের উপজেলা চেয়ারম্যানগণসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।