ঈদের পর সিলেট-৩ আসনে উপনির্বাচন

আপডেট : ২১ মার্চ ২০২১, ২২:৪৭

প্রয়াত আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদের মৃত্যুতে শূন্য ঘোষিত সিলেট-৩ আসনের উপ-নির্বাচন ঈদের পর অনুষ্ঠিত হবে। আগামী ৮ জুনের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ইসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, রমজানের মধ্যে কোনো নির্বাচনের পরিকল্পনা নেই। মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ এবং প্রচারের জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন। আর এসব কাজের জন্য ন্যূনতম ৩৫ দিন সময় দরকার। এই সময় রমজানের আগে নেই। যে কারণে এ আসনের ভোট ঈদুল ফিতরের পরেই অনুষ্ঠিত হবে।

গত ১১ মার্চ সিলেট আসনটি শূন্য হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের স্বাক্ষরে গত ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য (এমপি) মাহমুদ উস সামাদ চৌধুরী ২৬ ফাল্গুন ১৪২৭/১১ মার্চ ২০২১ তারিখ অপরাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ আসনটি ঐ তারিখে শূন্য হয়েছে।