অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল রবিবার ভার্চুয়াল মাধ্যমে জনতা ব্যাংকের প্রধান কার্যালয় ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে মুজিব কর্নার উদ্বোধন করেন। রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংক ভবনের ১৩ তলায় এই মুজিব কর্নার স্থাপন করা হয়েছে। মুজিব কর্নারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, তার অমর বাণী, ছয় দফা, ব্যবহারের জিনিস, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নামকরণ ইত্যাদি স্থান পেয়েছে। জনতা ব্যাংকের এমডি আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘মার্চ মাস আমাদের আস্থার মাস, অর্জনের মাস, বিশ্বাসের মাস। এ মাসে জাতির পিতার জন্ম, এ মাসে আমরা উন্নয়নশীল দেশের গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। এ মাসে জাতির পিতা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যা বিশ্বের সর্বকালের সেরা ভাষণ।’
অবশ্য ২০২০ সালে জনতা ব্যাংকের ব্যালেন্স শিটের অর্জন সন্তোষজনক না হওয়ায় উষ্মা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘মার্চ মাস আমাদের সেলিব্রেশন মাস। কিন্তু জনতা ব্যাংকের ব্যালেন্সশিটের রিফ্লেকশন আশাব্যঞ্জক নয়। জনতা ব্যাংক হোক জনতার, এ মাসে আমাদের শপথ হোক আয় বাড়ানোর, অপচয় ও দুর্নীতি কমানোর।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, জনতা ব্যাংককে হতে হবে জনতার, এজন্য আরো কাজ করতে হবে। ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার হার অনেক কম। খেলাপি ঋণের হার ইন্ডাস্ট্রি অ্যাভারেজে অনেক বেশি। এগুলোর দিকে নজর দিতে হবে।
জনতা ব্যাংকের এমডি আব্দুছ ছালাম আজাদ বলেন, ‘বঙ্গবন্ধু নিজেই জনতা ব্যাংকের নামকরণ করেন। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের।’
