জাতীয় প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মো. নূরুল হুদা (৭৩) আর নেই। তিনি রবিবার দুপুর ১২টায় মিরপুর সাংবাদিক আবাসিক এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। দীর্ঘদিন তিনি ডায়াবেটিস ও কিডনিসহ জটিল রোগে চিকিত্সাধীন ছিলেন। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্ব্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৪৯ সালের ১ মার্চ মুন্সীগঞ্জের শ্রীনগরের রাঢ়ীখালে নূরুল হুদা জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৭৩ সালে বাংলাদেশ অবজারভার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এ ছাড়াও বাসস, ডেইলি স্টার, ডেইলি টেলিগ্রাফ, নিউ নেশন ও ইন্ডিপেন্ডেন্টে কর্মরত ছিলেন। মরহুমের নামাজে জানাজা গতকাল বাদ মাগরিব মিরপুর সাংবাদিক আবাসিক এলাকা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তাকে বনানী গোরস্থানে দাফন করা হয়। জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে মো. নূরুল হুদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি
