বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা)-র হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় চল্লিশ হাজার বাস আছে। যা রাজধানীর বিভিন্ন রুটে নিয়মিত চলাচল করেছে। এগুলোতে প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করেছে। পুরুষ যাত্রীর তুলনায় বাসে নারী যাত্রীর সংখ্যা নেহায়েত কম নয়। এই বাসে ঘটিত নারী হয়রানি, হেনস্তার প্রতিবেদন পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। লোকাল বাসে নারী হেনস্তা বেড়েই চলেছে। রাজধানীর কিছু গাড়িতে নারী ও প্রতিবন্ধী আসন লেখা থাকলেও তা পুরুষেরা দখল করে বসে থাকেন। আসনের ওপরে নির্দিষ্ট করে লেখা থাকলেও এসব নিয়ে বাসচালক কিংবা সহকারীদের তেমন মাথাব্যথা নেই। দূরপালার বাসগুলোতে নারীদের জন্য নির্দিষ্ট করে আসন নেই। ফলে অধিকাংশ নারী দূরের পথে একা যেতে ইতস্ততবোধ করেন। নারীদের হেনস্তা লাঘবে প্রত্যেকটি বাসের সম্মুখভাগে নির্দিষ্ট নারী আসন বাধ্যতামূলক এবং এটা যথাযথভাবে প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মুহা. ইকবাল আজাদ
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
