বাতাসে কার্বন কমাতে কৃত্রিম মাংস!

আপডেট : ২২ মার্চ ২০২১, ১৬:৩৯

বিশ্বের অন্যতম সফল ও ধনী ব্যবসায়ী, সমাজসেবী এবং মাইক্রোসফট এর সহপ্রতিষ্ঠাতা বিল গেটস অনেক দিন ধরেই জলবায়ুর পরিবর্তন নিয়ে সরব হয়েছেন। বিশ্বের ধনী দেশগুলোকে ১০০% কৃত্রিম মাংস খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এতে বেশ খানিকটা মিথেনের পরিমাণ কম হবে বলে গেটসের ধারণা।

বিশ্বজয়ী বিল জানান যে, কার্বন কম করার জন্য তিনি বেশ কিছু দিন হল কৃত্রিম মাংস বা সিনথেটিক মাংস খাচ্ছেন। তিনি যে জ্বালানি কেনেন, সেটাও গ্রিন অ্যাভিয়েশন ফুয়েল। তিনি যে যানবাহন ব্যবহার করেন, সেগুলো সবই বিদ্যুৎচালিত। তাছাড়া তিনি নিজের বাড়িতে সোলার প্যানেলও বসিয়েছেন যাতে সূর্য থেকেই এনার্জি তৈরি করা যায় পরিবেশ দূষিত না করে।

তিনি বলেন যে আমাদের জন্য দু'টো ভয়ঙ্কর সত্য গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। একটি হল জলবায়ুর পরিবর্তন। এর জন্য মহামারীর চেয়েও বেশি মানুষ প্রতি বছর মারা পড়বেন বলে অনুমান বিল গেটসের।

দ্বিতীয় আশঙ্কা হল বায়ো টেরোরিজম বা জৈব সন্ত্রাস। এর ফলে যে কোনও দেশের উপরে কোনও কৃত্রিম মারণ ভাইরাস ছড়িয়ে যেতে পারে।

ইত্তেফাক/এএইচপি