কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর ফুলছড়ি থমতলা এলাকায় এক দিনমজুরকে পেটে ও গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২২ মার্চ) সকাল ১০ টার দিকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে বাড়ি থেকে কয়েকজন লোক ডেকে নেয় বলে দাবি করেছে পরিবার।
নিহত মাহমুদুল হক প্রকাশ (৩৮) ফুলছড়ি গেইটের পূর্বে ৪ নং প্লট এলাকার মৃত আবদুস সমদের ছেলে। তার আগের বাড়ি নতুন অফিস মাদ্রাসা পাড়ায়।
এলাকাবাসী জানায়, সোমবার ভোরে জুমনগর সড়কে পেটে ও গলায় ছুরিকাঘাত করা একটি মরদেহ পড়ে দেখে স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিক ইউপি সদস্য মো. জসিম উদ্দিনকে ফোনে জানানো হলে তিনি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে।
খুটাখালী ৮নং ওয়ার্ডের মেম্বার মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে রক্তাক্ত একটি মরদেহ পড়ে থাকার খবর পুলিশকে জানানো হয়। পরে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনার রহস্য তারা এখনো বের করতে পারেনি।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সায়েমকে ঘটনাস্থলে পাঠিয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি বিকেলে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন ওসি।
ইত্তেফাক/এমএএম
