প্রিয়াঙ্কা আমার রোল মডেল না

আপডেট : ২২ মার্চ ২০২১, ২০:৩৯

বিনোদন ডেস্ক

 

নিজের নতুন সিনেমা ‘সাইনা’ নিয়ে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন পরিনীতি চোপড়া। নিজেকে ব্যাডমিল্টন খেলোয়াড় সাইনার রূপে তুলে ধরে এরইমধ্যে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। তবে এ প্রশংসা চাপা পড়ল তার পুরনো একটি মন্তব্যের আড়ালে। নিজের বোনের সম্পর্কে করা একটি মন্তব্য আবারো সামনে আসতেই নানা নেতিবাচক সমালোচনায় পড়তে হচ্ছে তাকে। সিনেমা দর্শকদের কাছে পরিনীতি চোপড়া অভিনেত্রীর আগে প্রিয়াঙ্কা চোপড়ার বোন হিসেবেই পরিচিত। তবে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে পরিনীতি বলেছিলেন প্রিয়াঙ্কাকে তিনি চেনেন না। সে সময় পরিনীতি বলেছিলেন, ‘শুধু প্রিয়াঙ্কা কেন, কেউই আমার রোল মডেল না। এই পেশায় আপনি কারো মতো করে ক্যারিয়ার গড়তে পারবেন না। আমি অনেকের কাজ থেকে অনুপ্রাণিত হতে পারি, কিন্তু অনুসরণ করতে পারবো না। কারণ নিজেকে প্রমাণ করেই ইন্ডাস্ট্রিতে টিকতে হয়। এখানে কাউকে অনুসরণ করলে দর্শকরা সেটা গ্রহণ করেন না। নিজের কাজ দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। তবে হ্যাঁ, এটা সত্যি যে, প্রিয়াঙ্কা আমাকে সর্বদাই সহযোগিতা করে। যেকোনো কিছু আমি তাকে শেয়ার করতে পারি এবং সে আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।’ এতদিন পর সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই ট্রোলের শিকার হচ্ছেন তিনি। নিজের অতীত ভুলে যাওয়া নিয়ে নানা কটুক্তি করতে ভুল করছেন না নেটিজেনরা।