মুক্তির জন্য অ্যাপেক নেতাদের সাহায্য চান ম্যানাসের শরণার্থীরা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২১:৪৪

পাপুয়া নিউ গিনির ম্যানাস দ্বীপে অস্ট্রেলিয়া পরিচালিত বন্দি শিবিরে থাকা শরণার্থীদের মুক্তি দিতে সাহায্য করতে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে অংশ নিতে আসা বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রশান্ত অঞ্চলের এ দ্বীপে প্রায় ছয়শরও বেশি উদ্বাস্তু ম্যানাস দ্বীপের বন্দি শিবিরে রয়েছে বলে জানা যায়। এ পরিস্থিতিকে ‘খুবই হাতাশাজনক’ বলে উল্লেখ করেছে জাতিসংঘ। 

২১ জাতির এ সম্মেলন শনিবার পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবিতে শুরু হবে। এ অনুষ্ঠান শুরুর আগেই বেশ কয়েকজন উদ্বাস্তু সেখানে এসে চিকিত্সা গ্রহণ করে গেছে। অ্যাপেক সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতাদের উদ্দেশ্য করে গণমাধ্যমগুলোতে পাঠানো এক চিঠিতে সম্মিলিতভাবে উদ্বাস্তুরা লিখেছেন, আপনাদের সভাগুলোতে এই সমস্যাটি অন্তর্ভুক্ত করতে অ্যাপেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সব নেতাদের আমরা অনুরোধ করছি। আমাদেরকে মুক্ত করতে আপনারা অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউ গিনির ওপর চাপ সৃষ্টি করুন।

নৌকায় করে অবৈধভাবে এসে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে আসা মানুষদের প্রত্যাখ্যান করতে কঠোর ও বিতর্কিত নীতি অনুসরণ করে থাকে অস্ট্রেলিয়া। শরণার্থীদের আশ্রয় না দিয়ে বরং দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্র তীর হতে দূরে ম্যানাস ও নাইরু দ্বীপে বন্দি শিবিরে পাঠিয়ে দেয়।

উদ্বাস্তুরা চিঠিতে আরো লিখেছেন, পাঁচ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউ গিনির সরকার আমাদের ইচ্ছার বিরুদ্ধে এ বন্দি শিবিরে আটকে রেখেছে। চিঠিতে উদ্বাস্তুরা দাবি করেছে যে, অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউ গিনির সরকার তাদের ওপর অত্যাচার করছে। এছাড়া আত্মহত্যা বা চিকিত্সায় অবহেলার কারণে সাত উদ্বাস্তুর মৃত্যু হয়েছে।