কাবাডির উন্নতি দেখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট : ২২ মার্চ ২০২১, ২১:৩২

প্রতি বছর মার্চে আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে

 স্পোর্টস রিপোর্টার

আগামী ২৮ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কাবাডি। কেনিয়া, পোল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশ এই টুর্নামেন্টে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করলেও গতকাল ফেডারেশন কর্মকর্তারা জানিয়েছেন এখন থেকে প্রতি বছর এই সময়টায় আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে।

পাঁচ দল খেলবে সবার সঙ্গে। ফাইনালে খেলবে সেরা দুই দল। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে লড়াই করবে বাংলাদেশ এমন কথা জানালেন কর্মকর্তারা।

বাংলাদেশের কাবাডি নতুন করে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কাবাডি ফেডারেশনের নবনির্বাচিত কমিটি। টুর্নামেন্ট উপলক্ষ্যে গতকাল বিওএ ভবনে লোগো উন্মোচন করা হয়। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল লোগো উন্মোচন করেন। যেখানে ফেডারেশন সভাপতি র্যাবের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ মামুন, সাধারণ সম্পাদক পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, যুগ্ন সম্পাদক পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মোজাম্মেল হক, জনতা ব্যাংকের এমডি আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশের কাবাডি এক সময় গৌরবময় সাফল্য এনে দিয়েছে। এশিয়ান গেমসে বাংলার খেলোয়াড়রা কাবাডিতে পদক উপহার দিয়েছে। কিন্তু সেই সোনালি দিন এখন বিবর্ণ। অসন্তুষ্ট দেশের ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কাবাডির উন্নতি দেখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি কাল লোগো উন্মোচন অনুষ্ঠানে বলেন, ‘আমরা কাবাডিকে যে পর্যায়ে দেখতে চেয়েছিলাম সেটা হয়নি। এখন অনেক দেশ দ্রুতই এগিয়ে যাচ্ছে। ইরানের নাম শুনিনি এখন সেই নাম শুনতে হয় এই ম্যাজিকটা কীভাবে এলো।’ ক্রীড়া প্রতিমন্ত্রী কাবাডি ফেডারেশনকে আরো নজর দেওয়ার পরামর্শ দেন এবং তিনি তার মন্ত্রণলায় থেকে সহযোগিতা দেওয়ার কথা জানান।