মিয়ামি ওপেন টেনিস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। মুখে অস্ত্রোপচারের পর ক্রমেই সুস্থ হয়ে উঠছেন তিনি। কিন্তু এখনো নিজেকে ফিট মনে না করায় এ টুর্নামেন্টে খেলছেন না মার্কিন তারকা খেলোয়াড়। ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনার আগে মিয়ামি ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। মার্কিন গণমাধ্যমে এক বিবৃতিতে এ সম্পর্কে সেরেনা বলেছেন, ‘মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় আমি সত্যিই দারুণ হতাশ। এখানে আমার বাড়ি বলে মিয়ামি টুর্নামেন্ট আমার কাছে সব সময়ই বিশেষ কিছু। এ বছর অত্যন্ত চমত্কার কিছু সমর্থককে দেখতে পাব না বলে আমি দুঃখিত। আশা করছি দ্রুতই এখানে আবারও ফিরে আসতে পারব।’ নাদাল, ফেদেরার, জকোভিচদের পরে সেরেনাও নাম প্রত্যাহার করে নেওয়ায় টুর্নামেন্টের আকর্ষণ বেশ কমে গেল বলেই ধারণা সংশ্লিষ্টদের। আট বার মিয়ামি ওপেনে শিরোপা জিতেছিলেন ৩৯ বছর বয়সি সেরেনা। গত বছর করোনা মহামারির কারণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি।
