রেকর্ডের রাতে মেসির জোড়া গোল

আপডেট : ২২ মার্চ ২০২১, ২১:৩৩

স্পোর্টস ডেস্ক

জাভির রেকর্ড স্পর্শ করার দিন আগের ম্যাচে করেছিলেন জোড়া গোল। গত রবিবার বার্সেলোনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ভাঙার রাতটিও রাঙালেন জোড়া গোলে। অপ্রতিরুদ্ধ ছন্দে থাকা লিওনেল মেসিতে ভর করে এদিনে রিয়াল সোদিয়েদাদকে তাদের ঘরের মাঠে ৬-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।

দিনের অন্য ম্যাচে ক্যারিয়ারের ৫০০ তম গোলের দেখা পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এই মাইলফলক ছুঁয়েই দলের জন্য আরেকবার তিন পয়েন্ট নিশ্চিত করেছেন তিনি। তার একমাত্র গোলেই দেপোর্তিভো আলাভেজকে ১-০ ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

রিয়েল এরিনায় গোলবন্যার শুরুটা হয়েছিল আন্তোয়ান গ্রিজমানের পা থেকে। ৩৭ মিনিটে গ্রিজমান গোল দেওয়ার পর ৪৩ মিনিটে সোসিয়েদাদের জাল খুঁজে পান বার্সা ফুলব্যাক সার্জিও ডেস্ট। প্রথমার্ধে মেসির পাস থেকে প্রথমবারের মতো লা লিগায় গোলের দেখা পাওয়া ডেস্ট দ্বিতীয়ার্ধেও আরেকটি গোল করেন। এরপর নিজের বিশেষ রাতকে বরণ করে নিতে মেসি নিজেও জালভেদ করেন, ম্যাচের ৫৬তম মিনিটে। ম্যাচের একদম শেষদিকে, ৮৯ মিনিটে ফুলব্যাক জর্ডি আলবার সঙ্গে বুঝাপড়া করে নিজের দ্বিতীয় ও বার্সার ষষ্ঠ গোলটি বুঝে নেন অধিনায়ক মেসি। এ নিয়ে এই বছরে খেলা সবকটি ম্যাচেই গোল বা অ্যাসিস্ট করেছেন এই আর্জেন্টাইন। আর বার্সেলোনার জার্সিতে একটি রেকর্ড গড়ার রাতে আরেকটি অনন্য রেকর্ডও করে ফেলেছেন তিনি। রবিবারের জোড়া গোলে লা লিগায় মেসির গোলসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৬৭টি, যা ইউরোপের যে কোনো লিগেই এখন সর্বোচ্চ। ম্যানেজার রোনাল্ড কোম্যানের জন্মদিনে তার শিষ্যরা একটি দাম্ভিক জয় উপহার দিলেও এখনো দুইয়েই থাকছে বার্সা। শীর্ষস্থানে থাকা অ্যাটলেটিকোর সঙ্গে ব্যবধান একই থাকছে (৪), কেননা দিনের অপর ম্যাচে জয় পেয়েছে ডিয়েগো সিমিওনের শিষ্যরাও। মেসির বিশেষ রাতে একটি মাইলফলক ছুঁয়েছেন তার প্রিয়বন্ধু লুইস সুয়ারেজও।  ওয়ান্দা মেট্রোপালিনোতে সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের ৫৪তম মিনিটে ক্যারিয়ারের ৫০০তম গোলটি করেন এই উরুগুইয়ান স্ট্রাইকার।