নোয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট বিশিষ্ট গীতিকার, সুরকার, গবেষক ও বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী অধ্যাপক মোহাম্মদ হাসেমের ১ম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষ্যে মোহাম্মদ হাসেম ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শহর মাইজদীর দত্তের হাটে মরহুমের বাসভবন হাসু ভিলায় বাদজোহর মিলাদ ও দোয়া মাহফিল, বাদ-আছর জেলা শহরের কোর্ট মসজিদের পাশে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনজাত অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে স্মরণসভা এবং সন্ধ্যায় মাইজদীর নতুন বাস স্ট্যান্ডের পেছনে জিনাত মঞ্জিলে শিল্পির জীবন ও কর্ম অনুষ্ঠান ‘কথা ও গান’ অনুষ্ঠিত হবে। অধ্যাপক হাশেম তার জীবদ্দশায় ‘আঙ্গো বাড়ী নোয়াখালী রয়াল ডিস্টিক ভাই’সহ নোয়াখালীর আঞ্চলিক জনপ্রিয় গান ও নিজস্ব সংস্কৃতি, লোকজ বিভিন্ন আচার, মুক্তিযুদ্ধের পক্ষে অসংখ্য গান রচনা করে তা সুর দিয়ে গেয়েছেন।
