স্বীকৃতিপ্রাপ্তির ১০ বছরেই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি জানিয়েছেন নন এমপিও শিক্ষকরা। একইসঙ্গে দ্রুত স্কুল-কলেজের সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ ও চলতি অর্থ বছরেই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। শিক্ষকরা মুজিববর্ষেই সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি জানান।
এমপিও নীতিমালায় অন্তর্ভুক্তির লক্ষ্যে সংবাদ সম্মেলনে শিক্ষকদের পক্ষ থেকে ছয় দফা দাবি জানানো হয়। সেগুলোর মধ্যে- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্তির ক্ষেত্রে সহজ সিদ্ধান্তে আসা, শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যূনতম সংখ্যক শিক্ষার্থী নির্ধারণের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর সীমা নির্ধারণ, জেএসসি থেকে উপরের ক্লাসে শিক্ষার্থীর কাম্য সংখ্যা কম রাখা, শিক্ষাপ্রতিষ্ঠানের স্থান নির্ধারণে একটি অ্যাপ চালু করা, স্বীকৃতির মেয়াদ ১০ বছর অতিক্রান্ত হলে শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ বিবেচনায় এমপিওভুক্তি অন্যতম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক শরীফুজ্জামান আগা খান। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এম এ বারী তালুকদার, আবু বক্কর মো. এরশাদুল হক, মো. শফিকুল ইসলাম, মেহেদী হাসান জুয়েল, মাহবুবুর রহমান, হারুন-অর-রশিদ প্রমুখ।
