বাংলাদেশের সমৃদ্ধি কামনা ব্রিটেনের রাণীর

আপডেট : ২৩ মার্চ ২০২১, ০০:১৪

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। রবিবার বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এই বার্তায় ব্রিটিশ রানী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমি অত্যন্ত আনন্দিত এবং এই বিশেষ মুহূর্তে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একইসঙ্গে বাংলাদেশের জনগণকে জানাচ্ছি শুভ কামনা। আমাদের পারস্পরিক সম্পকের্র ভিত্তি গভীর বন্ধুত্বের ও সৌহার্দের এবং এর গুরুত্ব ও তাত্পর্য ৫০ বছর আগের মতো আজো অটুট রয়েছে। আমি আশা করি, একটি কঠিন বছরের পর বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করে আমাদের আগামী দিনগুলো আবারো সুন্দর হয়ে উঠবে।’ গতকাল লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, জাতীয় প্যারেড গ্রাউন্ডে গত ১৭ মার্চ থেকে মুজিববর্ষ ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনব্যাপী অনুষ্ঠান চলছে। এর মধ্যেই শুভেচ্ছাবার্তা পাঠালেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ।